আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

ঝিনাইদহ প্রতিনিধি

জাতীয়

বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে এবং পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ

2026-05-25T20:19:43+00:00
2026-05-25T23:58:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১১:৫৮ পিএম
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ। ছবি : সময়ের আলো প্রতিনিধি
বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে এবং পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে, কে জামিন পাবে— সবকিছু রিমোট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারও আওয়ামী লীগের পথেই হাঁটছে।’ 

আজ সোমবার (২৫ মে) বিকেল ৬টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করলে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আজ ঝিনাইদহে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার, পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সরকার আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এই সমস্ত কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। বর্তমান সরকারও যদি তাদের মতো হওয়ার চেষ্টা করে, তবে আমরা তা মেনে নেব না। জেল-জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।’

পরস্পরের মধ্যকার রাজনৈতিক বিরোধের সমালোচনা করে তিনি বলেন, ‘আজ আমরা যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি; কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।’


উল্লেখ্য, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় গতকাল রোববার সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। 

আজ সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেনের জামিন শুনানির পরিপ্রেক্ষিতে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে ১০টায় তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   বিএনপি সরকার  পুলিশ  লাঠিয়াল বাহিনী  হাসনাত আবদুল্লাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: