ইরানে আবারও মার্কিন হামলার কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই হরমুজ প্রণালির কাছে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

2026-05-26T19:52:10+00:00
2026-05-26T19:52:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে আবারও মার্কিন হামলার কারণ কী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:৫২ পিএম 
প্রতীকী ছবি
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই হরমুজ প্রণালির কাছে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানি বাহিনীর সম্ভাব্য হামলা থেকে নিজেদের সেনাদের রক্ষা করতে তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সময়ে ইরানি গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের বন্দর আব্বাস এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই হামলার আগে পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আশাবাদ তৈরি হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের বড় অংশে সমাধান মিলেছে, যদিও চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা ইরানি স্পিডবোট। ভারতের সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়ে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যেকোনো পরিস্থিতিতে খোলা রাখতে হবে। তিনি আরও জানান, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কয়েকদিন সময় লাগতে পারে।


এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ইরান আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাডার ফাঁকি দিতে সক্ষম কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দু পারমাণবিক ইস্যু নয়; বরং মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা।

কূটনৈতিক তৎপরতাও সমান্তরালভাবে চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চার দিনের সফরে চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে বেইজিংকে চাপ দিচ্ছিল, যাতে চীন ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে রাজি করায়। যদিও পরে ওয়াশিংটন জানায়, তারা এ বিষয়ে চীনের সহায়তার ওপর নির্ভর করছে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ একটি প্রতিনিধি দল বর্তমানে কাতারে অবস্থান করছে। ট্রাম্প প্রশাসন চাইছে, সৌদি আরব, কাতার ও পাকিস্তান ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিক, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে।


২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তবে অধিকাংশ আরব দেশ এখনো বলছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক করবে না।

বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনার মাঝখানে নতুন এই হামলা পুরো প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেন, যুদ্ধবিরতির পর ছোটখাটো সংঘর্ষ আগেও হয়েছে, যেগুলোকে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেনি। তবে এবারের হামলার পরিধি ও উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়, তাই এটি পরিস্থিতিকে কতটা বদলে দেবে, তা বলা কঠিন।

সূত্র: আল জাজিরা

সময়ের আলো/টিএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: