আমেরিকা ও ইরানের চলমান সামরিক সংঘাতকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নবনিযুক্ত পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, এই দুই দেশ বর্তমানে ‘যুদ্ধ ও শান্তির এক অত্যন্ত বিপজ্জনক সীমারেখায়’ অবস্থান করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনবে না।
বুধবার (২৭ মে) সাইপ্রাসে আয়োজিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজা কালাস মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তারা (আমেরিকা ও ইরান) এই মুহূর্তে যুদ্ধ ও শান্তির মাঝে একটি অত্যন্ত বিপজ্জনক জোনে রয়েছে। এই যুদ্ধ এভাবে চলতে থাকাটা বিশ্বের কোনো দেশের স্বার্থেরই অনুকূল নয়।
ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনীতিক আরও ইঙ্গিত দেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যকেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এই যুদ্ধাবস্থার অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইইউ সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
/কহু