প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে ও কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোলার লালমোহন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে দেশে আজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে দেশে দুঃশাসনের অবসান ঘটেছে। এর ফলে সমাজ থেকে ভয়ের পরিবেশ দূর হয়েছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম। বর্তমান সরকারও সেই লক্ষ্যেই কাজ করবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্রগুলো বিভিন্ন পরাশক্তির নির্যাতনের শিকার হচ্ছে এবং মুসলমানদের বিরুদ্ধে নানা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।
ঈদের নামাজ সম্পন্ন করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকার স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় লালমোহন উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি