নাটোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাটোরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা-দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন জেলার চারটি আসনের সংসদ সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আয়োজনে শনিবার (৩০ মে) দুপুরের দিকে শহরের আলাইপুরস্থ নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক, যাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এগিয়ে যাচ্ছে। আজ থেকে ৪৫ বছর আগে যে ফ্যাসিস্ট, এখন যারা বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে। আজকে নতুন ভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী।”
তিনি আরও বলেন, “ওরা ভেবেছিল বাংলাদেশের যতগুলো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে এই শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি।”
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ার ইসলাম আনু।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক নাটোর পৌর মেয়র ও বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন, এবং কাজী শাহ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সাথে জেলার চারটি আসনের সংসদ সদস্যগণ এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ নাটোরের সামগ্রিক উন্নয়নের জন্য সকল অভ্যন্তরীণ দ্বিধা-দ্বন্দ ভুলে একযোগে ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জেডি