ডিজিটাল যোগাযোগের অভ্যাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে এবার যুক্ত হতে পারে অর্থভিত্তিক সাবস্ক্রিপশন ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট কিছু উন্নত ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের মাসিক ফি গুনতে হবে।
মেটা জানিয়েছে, বিজ্ঞাপননির্ভর আয়ের পাশাপাশি বিকল্প ব্যবসায়িক কাঠামো গড়ে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে পৃথক সাবস্ক্রিপশন সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সীমিত পরিসরে এই সেবাগুলোর পরীক্ষামূলক কার্যক্রম চলছে বলে জানা গেছে। কনটেন্ট নির্মাতা, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর মধ্যে এসব ফিচার ট্রায়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
প্রাথমিকভাবে নির্ধারিত দামে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহারের জন্য মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য মাসে ২ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ হতে পারে।
সাবস্ক্রিপশন গ্রহণকারীরা প্রোফাইল আরও ব্যক্তিগতকরণ, উন্নত অ্যানিমেটেড রিঅ্যাকশন, স্টোরির গভীর বিশ্লেষণসহ বাড়তি সুবিধা পাবেন বলে জানিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই ‘প্লাস’ সেবাগুলো তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ প্রোগ্রামের বিকল্প নয়।
মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এসব সেবায় আরও নতুন ফিচার যুক্ত করা হবে এবং একাধিক সাবস্ক্রিপশনকে একীভূত করে ‘মেটা ওয়ান’ নামে একটি সমন্বিত ব্র্যান্ড চালুর পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের শুরু থেকেই এ ধরনের সাবস্ক্রিপশন মডেলের ইঙ্গিত দিয়ে আসছিল মেটা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনভিত্তিক সেবার চাহিদা বাড়ছে। সেই ধারাতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমকে নতুন আয়ের কাঠামোর দিকে নিয়ে যেতে চাইছে মেটা, যা ব্যবহারকারীর অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
আরবিএন