পুলিশ দেখে ‘পালানোর চেষ্টা’, মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

অভিবাসনের বৈধ ও যথাযথ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার তুমপাত জেলায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার

2026-05-30T23:48:34+00:00
2026-05-30T23:48:34+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রবাস
পুলিশ দেখে ‘পালানোর চেষ্টা’, মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১১:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
অভিবাসনের বৈধ ও যথাযথ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার তুমপাত জেলায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৯ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে দেশটির কিলানতান স্টেটের তুমপাত এলাকায় এই ঘটনা ঘটে বলে মালয়েশিয়া পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম মালয় মেইল জানিয়েছে। 

মালয়েশিয়া পুলিশের জেনারেল অপারেশন ফোর্সের ‘জিওএফ’ দক্ষিণ-পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাদজি হুসাইন ঘটনার বিবরণ দিয়ে জানান, শনিবার সকালে জিওএফের একটি বিশেষ দল ওই এলাকায় নিয়মিত টহলে ছিল। টহল দলটি একটি সন্দেহজনক হলুদ রঙের গাড়ি দেখতে পেয়ে তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক গতি বাড়িয়ে অত্যন্ত দ্রুতবেগে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে গিয়ে প্রথমে আরেকটি গাড়িকে এবং পরবর্তীতে একটি স্থানীয় বাড়িতে সজোরে ধাক্কা মারে।

এই ভয়াবহ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে স্থানীয় গাড়ির চালকসহ মোট ১০ জনকে অক্ষত অবস্থায় আটক করে জিওএফের প্রধান কার্যালয়ে নিয়ে যায়। আটককৃত বাংলাদেশি অভিবাসীদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে পুলিশ নিশ্চিত করেছে। আটক করার পর আইনি তল্লাশিকালে তাদের কেউই মালয়েশিয়ায় অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট বা রাষ্ট্রীয় ভিসা সংক্রান্ত নথিপত্র দেখাতে পারেননি।

গ্রেপ্তারকৃত স্থানীয় মালয়েশিয়ান চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ কমান্ডার আহমদ রাদজি হুসাইন বলেন, ‘গাড়ির চালক স্বীকার করেছেন যে তিনি স্থলপথে মূলত একজন মানবপাচারকারী হিসেবে কাজ করছিলেন। মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে প্রবেশ করা প্রত্যেক অভিবাসীকে গাড়িতে তুলে এনে কোটা ভারুতে পৌঁছে দেওয়ার বিনিময়ে তিনি প্রতিজনের কাছ থেকে ১০০ রিঙ্গিত করে পেতেন।’ অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সূত্র: মালয় মেইল

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: