শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় সেচ লাইনের ছেঁড়া তারে বিদ্যুতায়িত একটি গরুকে বাঁচাতে গিয়ে এক বিধবা নারীর (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে কৃষক হাছান আলী (৫০)।
সোমবার (১ জুন) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুধকুড়া গ্রামের আলী হোসেনের একটি সেচ লাইনের বৈদ্যুতিক তার ঝড়ের কারণে ছিঁড়ে মাঠে পড়ে ছিল। আজ সকাল আনুমানিক ৭টার দিকে মাঠে ঘাস খাওয়ার সময় কৃষক হাছান আলীর একটি গরু ওই লাইনের জীবন্ত তারে জড়িয়ে যায়। গরুটি ছটফট করতে দেখে হাছান আলী সেটিকে বাঁচাতে যান এবং নিজেই বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। এ সময় ছেলেকে বাঁচাতে মা হাওয়া বেগম দ্রুত এগিয়ে এলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে লাইন বিচ্ছিন্ন করে গুরুতর আহত হাছান আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, সেচ লাইনের ওই বৈদ্যুতিক সংযোগটি নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে নেওয়া হয়েছিল। যার ফলে এমন অবহেলার কারণে একটি তাজা প্রাণ ঝরে গেল। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য ওমর আলী এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সময়ের আলো/জেডি