রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মদ্যপানে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) দিবাগত রাতে বালারহাট বাজারে কয়েকজন মিলে মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে গেলে অসুস্থ হয়ে পড়েন। মদগুলোতে বিষক্রিয়া ছড়িয়ে পড়লেও মদ্য পানকারীরা বিষয়টি বুঝতে পারেনি। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেওয়ার আগেই ২ জনের মৃত্যু হয়। অপরজন সোমবার (১ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলীর মৃত্যু হয়। অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, ‘তারা মদ্যপানের কারণেই মারা গেছেন বলে জানতে পেরেছি। এ ছাড়া ময়নাতদন্ত এড়াতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন করার চেষ্টা চলছে বলেও শুনেছি।’
ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ আলী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং কথিত বিষাক্ত মদের উৎস শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, জেলা ডিবি জানাই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’