ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২ জুন) ভোর ৩টা ৪৬মিনিটে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হয় এবং তিনজন আহত হন।
আরও পড়ুন
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
এএডি/