ইউরোপ সফরে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলের অন্যতম আলোচিত ফুটবলার হামজা চৌধুরী সান মারিনোতে পৌঁছে সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ায় এখন পূর্ণ শক্তির দল নিয়ে ম্যাচ পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছেন কোচ থমাস ডুলি।
আগামী ৫ জুন ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কয়েকদিন ধরেই সেখানে অবস্থান করছে বাংলাদেশ দল। প্রথমে মূল স্কোয়াড পৌঁছানোর পর ধাপে ধাপে দলের সঙ্গে যুক্ত হন সামিত সোম ও জায়ান আহমেদ। সর্বশেষ মঙ্গলবার রাতে হামজার আগমনের মধ্য দিয়ে সম্পূর্ণ দল একত্রিত হয়েছে।
দীর্ঘ যাত্রার কারণে সান মারিনো পৌঁছানোর পর প্রথম দিন খেলোয়াড়দের জন্য ছিল পুনরুদ্ধারমূলক অনুশীলন। এরপর দ্বিতীয় দিন থেকেই শুরু হয় পূর্ণাঙ্গ প্রস্তুতি কার্যক্রম।
দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দুই দিনে দুই ধরনের আবহাওয়ার মুখোমুখি হয়েছেন ফুটবলাররা। একদিন ছিল শীতল পরিবেশ, আর পরের দিন তাপমাত্রা ছিল প্রায় বাংলাদেশের মতোই উষ্ণ। ফলে ভিন্ন আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও নিতে হচ্ছে দলকে।
আরও পড়ুন
স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত অনুশীলনে বেশ মনোযোগী দেখা গেছে ফুটবলারদের। ইউরোপের পরিবেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন তারা।
প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণ শেষে খেলোয়াড়রা এখন ধীরে ধীরে ছন্দে ফিরছেন। তার মতে, প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকলেও তারা নিয়মিত ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন করে। তাই ম্যাচটিকে সহজভাবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
দলের ফুটবলার ফাহমিদুল ইসলাম ইতালিতে বসবাস করায় সান মারিনোর পরিবেশ তার কাছে পরিচিত। তিনি মনে করছেন, স্থানীয় আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে তার অভিজ্ঞতা সতীর্থদের মানিয়ে নিতে সহায়তা করবে।
ফাহমিদুলের ভাষ্য, ইউরোপের মাটিতে খেলার সুযোগ দলের সবাইকে উজ্জীবিত করেছে। মাঠে ভালো ফুটবল উপহার দিয়ে জয় নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ।
এএডি/