বরফের রাজ্যে স্বর্ণবার খোঁজার অভিযান

সময়ের আলো ডেস্ক

ফিচার

ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বহুল পরিচিত। এবার সেখানকার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে গ্রীষ্মজুড়ে আয়োজন করা হয়েছে

2026-06-04T01:31:12+00:00
2026-06-04T01:31:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
বরফের রাজ্যে স্বর্ণবার খোঁজার অভিযান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৩১ এএম 
ছবি : সংগৃহীত
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বহুল পরিচিত। এবার সেখানকার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে গ্রীষ্মজুড়ে আয়োজন করা হয়েছে লুকানো স্বর্ণের বার খোঁজার এক ব্যতিক্রমী অভিযান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারীরা উত্তর ফিনল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেভি এলাকার বিভিন্ন ট্রেইল ও দর্শনীয় স্থান ঘুরে বেড়াবেন। শীতকালে স্কি ঢাল এবং নর্দার্ন লাইটস দেখার জন্য বিখ্যাত এই এলাকায় লুকিয়ে রাখা হয়েছে ২০ হাজার ইউরো (প্রায় ২৩ হাজার ৩০০ মার্কিন ডলার) মূল্যের একটি স্বর্ণবার।

মঙ্গলবার প্রকাশিত ভিজিট লেভির এক বিবৃতিতে জানানো হয়, ‘মিডনাইট সান হান্ট’ নামের এই আয়োজন শুরু হবে আগামী ১৮ জুন। অংশগ্রহণকারীরা লেভি ভিজিটর সেন্টার থেকে প্রথম সূত্র (ক্লু) সংগ্রহ ও নিবন্ধন করতে পারবেন। এরপর পর্যায়ক্রমে আরও সূত্র প্রকাশ করা হবে, যা তাদের স্থানীয় ট্রেইল, দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্য দিয়ে স্বর্ণবারের দিকে এগিয়ে নিয়ে যাবে। আয়োজকদের ভাষ্য, যেকোনো সূত্র অনুসরণ করেই স্বর্ণবারটি খুঁজে পাওয়া যেতে পারে। তবে গ্রীষ্মজুড়ে নতুন নতুন ইঙ্গিত প্রকাশ করা হবে, যাতে ধীরে ধীরে এর অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। 

শেষ সূত্রটি প্রকাশ করা হবে আগামী ২২ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত লেভি ফিনল্যান্ডের অন্যতম প্রধান স্কি রিসোর্ট এবং শীতকালীন পর্যটনের জনপ্রিয় কেন্দ্র। তবে গ্রীষ্মকালে এ অঞ্চলে দেখা যায় ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য। বছরের একটি নির্দিষ্ট সময়ে সেখানে ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে।

ভিজিট লেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সাতু পেসোনেন বলেন, ‘লেভি’ মূলত শীতকালীন গন্তব্য হিসেবে পরিচিত হলেও উত্তরাঞ্চলের গ্রীষ্ম এখনও অনেক পর্যটকের কাছে অজানা। আমরা এমন সময়ে ভ্রমণকারীদের লেভিতে আসার নতুন একটি কারণ দিতে চাই, যখন সূর্য অস্ত যায় না এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দেয়।’

ইউরোপের অন্যান্য অনেক শীতকালীন পর্যটনকেন্দ্রের মতো লেভি স্কি রিসোর্টও সারা বছর পর্যটক আকর্ষণে নানা উদ্যোগ নিয়ে থাকে। স্কি মৌসুমের বাইরে এখানে প্যারাগ্লাইডিং, হাইকিং, নদীতে রাফটিং এবং মাউন্টেন বাইকিংয়ের মতো কর্মকাণ্ডের সুযোগ রয়েছে। লেভির এই ‘মিডনাইট সান হান্ট’ আয়োজন করা হয়েছে কিট্টিলা-ভিত্তিক স্বর্ণখনি প্রতিষ্ঠান অ্যাগনিকো ঈগল ফিনল্যান্ড এবং লেভি স্কি রিসোর্টের সহযোগিতায়।

আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণ করতে হবে, নির্ধারিত এলাকার বাইরে যাওয়া যাবে না এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান দেখাতে হবে। স্বর্ণবার খুঁজে পেতে কোথাও খনন বা ভূমির কোনো ধরনের ক্ষতি করার প্রয়োজন হবে না।

সময়ের আলো/আআ



  বিষয়:   বরফ  রাজ্য  স্বর্ণ  খোঁজা  অভিযান 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: