জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই অর্জনের পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫১ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় অবতরণ করেন ড. খলিলুর রহমান। তবে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। সেখানে জাতিসংঘে তার নেতৃত্বকালীন অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সম্প্রতি অনুষ্ঠিত ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট।
এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। ওই অধিবেশনে বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হবে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা। এই অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এএডি/