চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ইটের আঘাতে মো. জাফর (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাফর পেশায় একজন সিএনজিচালক ছিলেন।
জানা গেছে, প্রতিবেশী রায়হান মোবাইলে লুডু খেলার জন্য নিহত জাফরের ছেলে ইমনকে ডাকতে আসে। ইমন খেলতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে জাফর সেখানে এগিয়ে আসেন। এ সময় রায়হান ও তার মা জাহেদার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে জাফরের বুকে ইটের আঘাত লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রুনা বলেন, মোবাইলে লুডু খেলা নিয়ে রায়হান আমার ছেলে ইমনকে ডাকতে আসে। ইমন খেলবে না বললে রায়হান ও তার মা জাহেদা তার ওপর ক্ষিপ্ত হয়। এ সময় আমার স্বামী বাজার থেকে এসে ঘটনাস্থলে গেলে কিছু বুঝে ওঠার আগেই তাকে ইট দিয়ে আঘাত করা হয়। পরে তিনি মারা যান। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে গিয়ে জাফর অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর ছুড়ে মারলে সেটি জাফরের বুকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরবিএন