নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাকাইচ্ছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)। নিহত আকিবুল ইসলাম স্থানীয় লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন এবং ১৪ পারা কোরআন শরিফ মুখস্থ করেছেন।
পরিবারের স্বজনরা জানান, ঈদের ছুটিতে বুধবার বিকেলে তার মায়ের সাথে নানার বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যান তারা। সেখানে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহতের চাচা আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বিকেলে তাদের লাশ নিজ বাড়ি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবতে নিয়ে আসা হয়। মৃত্যুর খবর চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাড়িতে এসে ভিড় জমান। একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে নিহতদের স্বজনরা পুলিশকে কোনো তথ্য না দিয়েই লাশ তাদের বাড়িতে নিয়ে গেছেন।
সময়ের আলো/আআ