সামাজিক যোগাযোগ মাধ্যমে কদিন ধরেই আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে তুমুল গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন বলিউড সুপারস্টার আমির খান। কনে তার দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট। আগামী ৫ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
এর আগে গণমাধ্যমে খবর রটেছিল, আগামী ৫ জুলাই আমির খান ও গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে করতে যাচ্ছেন। তখন এ বিষয়ে আমির নীরব থাকলেও সম্প্রতি ভারতীয় একটি প্রভাবশালী বিনোদন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি খবরের সত্যতা স্বীকার করেন। আমির স্পষ্ট জানিয়ে দেন, তাদের বিয়ের খবরটি সত্য এবং আগামী ৫ জুলাই বিয়ের দিন ধার্য করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে নিজের ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। জীবনের এই পর্যায়ে এসে নতুন করে ভালোবাসার খোঁজে পাওয়ার কথা জানালেও, তখন কিন্তু বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন তিনি। সে সময় আমির জানিয়েছিলেন, ভবিষ্যতের পরিকল্পনার চেয়ে তারা বর্তমান সম্পর্কটাকেই বেশি উপভোগ করতে চান।
বিগত কয়েক মাসে বিভিন্ন সাক্ষাৎকারে আমির খান তার নিঃসঙ্গতা ও মানসিক রূপান্তরের কথা খোলামেলাভাবে প্রকাশ করেছেন। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তার চিন্তাভাবনায় কী ধরনের পরিবর্তন এসেছে, তা নিয়ে কথা বলেন তিনি। একটি পডকাস্টে আমির জানান, গৌরীর সঙ্গে পরিচয়ের আগে তিনি নিজেকে বেশ বয়োবৃদ্ধ ভাবতেন এবং এই বয়সে নতুন কোনো সঙ্গী পাবেন কি না তা নিয়ে সংশয়ে ছিলেন। পরবর্তীতে থেরাপি নেওয়ার পর তিনি উপলব্ধি করেন, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের প্রতি যত্নশীল হতে হবে।
গৌরীর সঙ্গে সম্পর্কের শুরুটা আকস্মিক ছিল উল্লেখ করে আমির জানান, তাদের পরিচয়টা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব এবং পরে তা ভালোবাসায় রূপ নেয়। এক সময় তিনি ভাবতেন মা, সন্তান আর ভাইবোনদের নিয়ে- পারিবারিক বৃত্ত রয়েছে, তাতে হয়তো নতুন কোনো সঙ্গীর প্রয়োজন নেই। কিন্তু গৌরীর আগমন তার সেই ধারণা বদলে দেয়।
উল্লেখ্য, আমির খানের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। সেই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামের দুটি সন্তান রয়েছে। রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। তবে বৈবাহিক সম্পর্ক না থাকলেও সন্তান আজাদের খাতিরে তাদের মধ্যে এখনো অত্যন্ত চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
আমির খানের বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই বলিপাড়ায় এখন সাজসাজ রব। অনুষ্ঠানটি ঘরোয়াভাবে সম্পন্ন করার কথা থাকলেও আমন্ত্রিত অতিথিদের তালিকায় কারা থাকছেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।
/কহু