ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশে পিছিয়ে নেই তারকারা। সেই তালিকায় এবার যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, যিনি সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন ভিন্নধর্মী এক ফটোশুটের মাধ্যমে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন হিমি। সেখানে তাকে ব্রাজিল জাতীয় দলের প্রতীকী রঙ- হলুদ, সবুজ ও নীলের সমন্বয়ে তৈরি একটি শাড়িতে দেখা যায়। প্রাণবন্ত হাসি আর উৎসবের আবহে ধারণ করা ছবিগুলোতে ফুটে ওঠে তার ফুটবলপ্রেম।
ছবির পটভূমিতেও ছিল ব্রাজিল সমর্থকদের পরিচিত অনুষঙ্গ। বড় একটি ব্রাজিলের পতাকা, ফুটবল এবং ভুভুজেলার উপস্থিতি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফলে ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন
তবে ছবিগুলো নিয়ে ভিন্ন আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে। অনেক নেটিজেনের ধারণা, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ছবির চেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টের ক্যাপশন। সেখানে হিমি লিখেছেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।’ তার এই মন্তব্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যেও শুরু হয়েছে মজার প্রতিক্রিয়া।
বিশ্বকাপ সামনে রেখে তারকাদের মধ্যে যখন প্রিয় দল নিয়ে সমর্থনের লড়াই শুরু হয়েছে, তখন হিমির এই পোস্ট ফুটবলপ্রেমীদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা সমর্থকদের কাছে অভিনেত্রীর এই ভবিষ্যদ্বাণী বেশ ইতিবাচকভাবেই ধরা দিয়েছে।
এএডি/