বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আরোহী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।
এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আমতলীর শাখারিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে সজীব হাওলাদারের সঙ্গে তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দক্ষিণ দিকে ৫০০ গজ দূরে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘গাজী সম্রাট পরিবহন’ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই