কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরে অবস্থিত একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুরে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্র কাপড় ব্যবসায়িদের একটি দোকানে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
পরে মুহূর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টার মধ্যে মার্কেটের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুরে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ী তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবি জানান।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনা স্থলে পৌঁছে এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকেলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় হয়েছে।
সময়ের আলো/জোই