ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই হামলার জবাবে ইরান বেদনাদায়ক জবাব দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এই উন্মত্ত কুকুরগুলিকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ করতে হবে এবং তাদের জায়গায় ফিরিয়ে আনতে হবে। আজ রাতে দখলকৃত ভূখণ্ডের আকাশের দিকে তাকান।
এর আগে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে দুটি ভবনের দুটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বন্ধে গত ১৭ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে চলমান উত্তেজনার কারণে সেই যুদ্ধবিরতি কার্যকরভাবে টেকেনি।
/ইউএমএইচ