ইরানের অভ্যন্তরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর পরই বিশ্ববাজারে হু হু করে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
হামলার খবরটি প্রকাশ হওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৩ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৬ দশমিক ৭৫ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দামও এক লাফে ৩ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন- মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই অঞ্চলে যদি উত্তেজনা দীর্ঘস্থায়ী হয় এবং বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে পড়ে, তবে আগামী দিনগুলোতে তেলের দামের এই লাফানো ভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে।
/কহু