হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আ. করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাবু উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার ফয়েজ আহমেদ মেম্বার বাড়ির আবদুল গফুরের ছেলে। সে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক রুপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, সাবুকে আদালতে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই