ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লোকাল বাস মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশে থাকা গভীর খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চারজন যাত্রী প্রাণ হারান। আহত হন আরও বেশ কয়েকজন।
আরও পড়ুন
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত আটজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শেষ করা হয়েছে এবং বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহতদের পরিচয় এখনো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএডি/