চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগে নিয়ে চলছে তুমুল আলোচনা। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একদিনে দুইটি চিঠি দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে। চিঠির আলোচনার রেশ না কাটতেই আলোচনায় আসছে নতুন নতুন প্রতিষ্ঠানের নাম। এবার আলোচনায় এলো তিন প্রতিষ্ঠানের জোটগতভাবে এনসিটি পরিচালনার আগ্রহের কথা।
নতুন আলোচনায় আসা জোটের তিন প্রতিষ্ঠানই দেশীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো সাইফ পাওয়ারটেক লিমিটেড, বার্থ অপারেটর কসমস এন্টারপ্রাইজ ও এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সাইফ পাওয়ারের পর জোটের দুটি প্রতিষ্ঠানের মালিক বর্তমান সংসদের দুজন সদস্য। এর আগে এমজিএইচ নামে আরেকটি প্রতিষ্ঠান এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছিল। আবার তিন সদস্যের জোটের নেতৃত্বে আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। এই প্রতিষ্ঠান এক সময় এনসিটি পরিচালনা করতো। গত বছরের জুলাইয়ে সাইফ পাওয়ার টেকের সাথে এনসিটির চুক্তি বাতিল করে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সংশ্লিষ্টরা জানায়, নতুন জোটের নাম ‘সাইফ-কসমস-এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম’। জোটের পক্ষ থেকে গত ২৮ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার প্রস্তাব জমা দেওয়া হয়। একই দিন ২৮ এপ্রিল দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ একই টার্মিনাল পরিচালনায় প্রস্তাব জমা দেয়।
বন্দর সূত্র জানায়, প্রস্তাব প্রদানকারী প্রতিষ্ঠান কসমস এন্টারপ্রাইজের চেয়ারম্যান হলেন লক্ষ্মীপুর-৪ আসনের সরকার দলের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। অপরদিকে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য।
গত আওয়ামী লীগ সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্তের দিকে এগিয়েছিল। তাই আগ্রহ থাকা স্বত্বেও অনেকে প্রস্তাব জমা দেয়নি। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রতিষ্ঠান এনসিটির কাজ পেতে মরিয়া। ধারাবাহিকভাবে এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়ে আসছে মন্ত্রণালয়ে। এতে ডিপি ওয়ার্ল্ডকে বৃহত্তম এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া নিয়ে চলছে নানা আলোচনা। শেষ পর্যন্ত দেশীয় প্রতিষ্ঠানের হাতে এনসিটি পরিচালনার ভার যাচ্ছে কিনা তা নিয়েও নানামুখী আলোচনা চলছে।
আরও পড়ুন
এ ব্যাপারে জানতে সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিনকে মুঠোফোনে কয়েকবার কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে তিন সদস্যের জোটের অংশ হিসাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এনসিটি পরিচালনার প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি সোমবার সন্ধ্যায় সময়ের আলোকে বলেন, বন্দরের স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছি। আমরা এনসিটি পরিচালনা করলে বন্দর উপকৃত হবে। দেশ উপকৃত হবে। এছাড়া আমরা তুলনামূলকভাবে কম রেটে এনসিটি হ্যান্ডেল করতে পারব।
সময়ের আলো/আআ