তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান তীব্র উত্তেজনা ও একের পর এক সামরিক সংঘাতের মধ্যেই ইসরাইলকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভঙ্গুর জায়নবাদী ইসরাইলি শাসনব্যবস্থার মাত্র কয়েক দিন বাকি আছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের এক চরম সংকটময় মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই মন্তব্য এলো। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার জবাবে রোববার রাতে উত্তর ইসরাইল অভিমুখে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।
ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পাল্টা জবাব দেয় তেল আবিব। ইসরাইলি বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সময় রাজধানী তেহরান, ইসফাহান এবং তাবরিজসহ ইরানের বেশ কয়েকটি প্রধান শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
উভয়পক্ষের এই ব্যাপক হামলা ও পাল্টাহামলার কারণে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মোজতবা খামেনির এই হুংকার ইসরাইলের প্রতি ইরানের কঠোর অবস্থান এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
সময়ের আলো/জেডি