বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হলো শিশু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে তামিম নামে এক শিশু। সংবাদ পেয়ে

2026-06-09T21:57:11+00:00
2026-06-09T21:57:11+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হলো শিশু
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:৫৭ পিএম   (ভিজিট : ১২)
ডুবুরি দল না থাকায় পরিচালনা করতে পারেনি উদ্ধার অভিযান। ছবি : সময়ের আলো
নোয়াখালী হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে তামিম নামে এক শিশু। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পরে কোস্টগার্ড এর দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও ডুবুরি দল না থাকায় পরিচালনা করতে পারেনি উদ্ধার অভিযান। 

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশে মেঘনা নদীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ তামিম (৬) ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও (৯ জুন) মেঘনা নদীতে মাছ ধরতে যান শাহাদাত হোসেন। দুপুরের দিকে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় ছোট্ট তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত হোসেন নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সি এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা ও দুষ্টুমি করছিল।

একপর্যায়ে অসাবধানতাবশত তামিম নদীতে পড়ে যায়। সঙ্গে থাকা চাচাতো ভাই ঘটনাটি দেখে দ্রুত দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে হাতিয়ায় ডুবুরি দল না থাকায় তারা তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালাতে পারেননি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা আবদুল মন্নান বলেন, একটা শিশু নদীতে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাকে উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফায়ার সার্ভিস এসে জানায় তাদের ডুবুরি দল নেই। পরে কোস্ট গার্ডও ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, সকালে ডুবুরি দল এলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।


এদিকে একমাত্র সন্তানকে হারানোর শঙ্কায় পাগলপ্রায় হয়ে উঠেছেন বাবা-মা। তাদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও স্বজনদের চোখে-মুখে এখন শুধুই উৎকণ্ঠা আর অপেক্ষা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কোনো ডুবুরি দল নেই। এ কারণে তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। কোস্ট গার্ড ঘটনাস্থলে নজরদারি চালিয়ে যাচ্ছে। বুধবার (১০ জুন) সকালে ভোলা থেকে ডুবুরি দল এসে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করবে।

ঘটনার পর পুরো পশ্চিম চরচেঙ্গা গ্রামে শোকের আবহ বিরাজ করছে। নিখোঁজ শিশু তামিমকে জীবিত ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন তার পরিবার ও এলাকাবাসী। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   নদীতে ডুবে  নিখোঁজ  শিশু  হাতিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: