বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকা থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন হিসেবে আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) ও সুজন হাওলাদারকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আবদুল্লাহ আল নোমান (জনি গাজী) স্থানীয় পৌর ছাত্রদলের সদস্য সচিব বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই