বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে অনেক আগেই। সেই আয়োজনের অংশ হয়ে এবার নতুন আলোচনায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি বিশেষ মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির প্রথম ঝলক, আর মাত্র ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতেই দর্শকদের মন জয় করেছেন এই তারকা।
‘সির সির’ শিরোনামের গানটিতে নোরার অংশগ্রহণের খবর আগেই জানা গিয়েছিল। এরপর থেকেই ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। অবশেষে প্রকাশিত টিজারে লাল-সাদা পোশাকে প্রাণবন্ত নৃত্যে হাজির হন তিনি। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত বর্ণিল দৃশ্য আর তার চেনা নৃত্যভঙ্গি মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে।
গানটির নৃত্য পরিচালনা করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব। তিনি জানিয়েছেন, মরক্কোর কাসাব্লাঙ্কা শহরে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিংয়ের জন্য সময় খুব কম থাকলেও পুরো দল সর্বোচ্চ চেষ্টা করেছে আন্তর্জাতিক মানের একটি কাজ উপহার দিতে।
রাজিত দেব বলেন, সীমিত সময়ের মধ্যেও তারা এমন কিছু তৈরি করতে চেয়েছেন, যা বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের ভালো লাগবে। সেই লক্ষ্য সামনে রেখেই কাজটি সম্পন্ন করা হয়েছে।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোরা ফতেহিও। তার ভাষায়, ‘সির সির’ শুধু একটি গান নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলনের প্রতীক। এতে মরক্কোর সংস্কৃতি, কানাডার প্রভাব এবং ভারতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের প্রতিফলন রয়েছে।
নোরা বলেন, ভারত ও দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই এই গানে ভারতীয় শিল্পীদের সম্পৃক্ততা তার কাছে বিশেষ অর্থ বহন করে।
তিনি আরও বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পারা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এমন একটি প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া এখনও তার কাছে অবিশ্বাস্য মনে হয়।
জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন নোরা। মেক্সিকোর উদ্বোধনী আয়োজনের পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মঞ্চেও পারফর্ম করার কথা রয়েছে তার।
ফুটবল আর বিনোদনের এই বৈশ্বিক উৎসবে নোরা ফতেহির অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। আর প্রকাশিত ঝলক দেখে অনেকেরই ধারণা, বিশ্বকাপের উন্মাদনায় এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারেন তিনি।
/এসএকে