দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (১০ জুন) দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে দেশের ১২টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর পুনঃসতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন
এদিকে মৌসুমি বায়ুর অগ্রগতিও দেশের আবহাওয়ায় নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া বিভাগের ১২০ ঘণ্টার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে সক্রিয় হয়েছে। অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের অবশিষ্ট এলাকাগুলোতেও বর্ষা বিস্তার লাভ করতে পারে।
এ কারণে বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে, যা চলমান গরম আবহাওয়ায় কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
এএডি/