হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর থানাধীন আন্দিউড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে সিএনজি চালক আক্কাস মিয়া (৩৫) এবং নোয়াপাড়া এলাকার কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটমুখী একটি ড্রাম ট্রাক সাইড রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারক করে আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রীর মৃত্যু হয়।
অপর দুই আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা সময়ের আলোকে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই