রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বুধবার (১০ জান) দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর র্যাব-১০ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন, মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং মো. নজরুল ইসলাম (৪৭)।
কামরুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালান।
তল্লাশির সময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এসব অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই