নড়াইলের লোহাগড়ায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আমেনা হাসান বিপাশা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ (সিএইচসিপি) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ জুন) বিকেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া উপজেলার রথখোলা গ্রামের হাসান মাহমুদের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন আমেনা হাসান বিপাশা। পথে কালনা নামক স্থানে পৌঁছালে তাকে বহনকারী ভ্যানটির সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সেটি আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই