ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গ্রামের মালসাগাড়ীর মাঠে এই ঘটনা ঘটে। আজিজুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহিম মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সে বিকেলে পানের বরজে কাজ করে মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে আসার পথে মাঠের মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। আরও জানা যায়, পরে স্থানীয় এক নারী গ্রামের মাঠে গরু আনতে গেলে আজিজুলের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের মানুষদের খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বজ্রপাতে আগেই মারা গেছেন।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আজিজুল ইসলামের মৃত্যু হয়েছে, আমরা জেনেছি।
সময়ের আলো/জোই