কেন জুলাই থেকে শুরু হয় অর্থবছর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

সুমেরীয়রা পৃথিবীতে প্রথম পঞ্জিকার প্রচলন করেন। সেসময় সপ্তাহের হিসাব তো অনেক দূরের ব্যাপার, দিনেরও যথাযথ হিসাব রাখার কোনো উপায় ছিল

2026-06-11T12:12:30+00:00
2026-06-11T12:12:30+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
কেন জুলাই থেকে শুরু হয় অর্থবছর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ২০)
বাজেট ২০২৬-২৭। গ্রাফিক : সময়ের আলো

সুমেরীয়রা পৃথিবীতে প্রথম পঞ্জিকার প্রচলন করেন। সেসময় সপ্তাহের হিসাব তো অনেক দূরের ব্যাপার, দিনেরও যথাযথ হিসাব রাখার কোনো উপায় ছিল না। পরে সুমেরীয়দের এই পঞ্জিকা উদ্ভাবন করার পর এখন পৃথিবীতে ৮০ ধরনের পঞ্জিকার প্রচলন রয়েছে। এর মধ্যে অর্থবছরেরও পঞ্জিকা যোগ হয়েছে।      

বাঙালিরা বঙ্গাব্দ ও খ্রিষ্টাব্দকে সাধারণ পঞ্জিকা হিসেবে মেনে চললেও এ দেশের অর্থবছর শুরু হয় জুলাই থেকে। জুলাই থেকে জুন অবধি চলে অর্থবছর। এই অর্থবছরকে ভিত্তি ধরে প্রস্তুত ও প্রণয়ন হয় বাংলাদেশের বাজেট। 

ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং সেখান থেকে স্বাধীন বাংলা–এই দীর্ঘসময় ধরে এ অঞ্চল জুলাই মাসকে অর্থবছর ধরে বাজেট প্রস্তুত ও উত্থাপন করা হচ্ছে। মূলত একটি দেশের শস্যের উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া, সরকারি-বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যালোচনা করে অর্থবছর ঠিক করা হয়।

খেয়াল করলে দেখা যাবে, জুলাই মাস বাংলাদেশের বর্ষাকাল। এ সময় মাঠে কৃষকদের ফসল থাকে, কয়েক মাস পরেই ফসল ওঠে তাদের ঘরে। এ ছাড়াও কিছু কিছু অঞ্চলে এরই মধ্যে ফসল উঠে যায়। বছরের এই মধ্যবর্তী সময়টি কৃষিক্ষেত্রে বাজেটের বিভিন্ন দিক ভেবে ব্যবস্থা নেওয়ার মোক্ষম সময়। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালু হয় এই রীতি। 
 
এ ছাড়াও রাজনৈতিক দিক বিবেচনা করলে, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নতুন কোনো দল ক্ষমতায় এলে তারা বাজেট প্রণয়নের জন্য বেশকিছু সময় হাতে পায়। এ সময় জনগণের আশা-আকাঙ্ক্ষার নানা প্রতিফলন বাজেটে তুলে আনার যথেষ্ট সুযোগ পায় সরকারি দল। 
 
অভ্যন্তরীণ এসব ব্যাপার ছাড়াও যুক্তরাজ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে মিলিয়ে অর্থবছর ঠিক করলে ঋণের হিসাব সহজ হয়। বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থবছর শুরু হয় জুলাই থেকে, সে হিসাবে বিশ্বব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসকে অর্থবছর ধরলে উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা হয়। 

এর আগে, পাকিস্তান এপ্রিলকে তাদের অর্থবছরের প্রথম মাস হিসাব করলেও বিশ্বব্যাংকের ঋণের আশায় পুনরায় জুলাই মাসকে অর্থবছরের প্রথম মাস ধরে হিসাব করা শুরু করে।
 
তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, জুনে বাংলাদেশে বর্ষাকাল শুরু হওয়ায় দেশের অনেক অঞ্চল পানিতে ডুবে যায়। মাঝেমধ্যে দেখা দেয় ভয়াবহ বন্যা। এমন সময়ে একটি অর্থবছরের শেষের দিকের অর্থ ও আগত আরেকটি অর্থবছরের অর্থ বরাদ্দ ও ব্যবহার করতে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়। 


এ ক্ষেত্রে অনেকেই বাংলাদেশের অর্থবছর যাতে ভারতের আদলে এপ্রিল থেকে শুরু করা হয় এমন মতামত দিয়েছিলেন। আরেক দল বিশ্লেষক বলে থাকেন, বর্ষাকালে পূর্ত কর্মসূচি ঋতুর ওপর নির্ভরশীল হলেও অন্যান্য কার্যক্রম ঋতুর ওপর নির্ভরশীল নয়। এ ক্ষেত্রে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেয়া যতটা দায়ী, তার সিকিভাগ দায়ী নয় ঋতুর পরিবর্তন। এ ক্ষেত্রে সরকার অবকাঠামোগত পরিবর্তন না আনলে, অর্থবছরের পরিবর্তন এনে কোনো লাভ হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
 
অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে- অর্থবছর কীভাবে পরিবর্তন করা যায়। মূলত বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করতে হলে সংবিধানের ১০২(১) নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থবছর পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। 
  
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে আজ বৃহস্পতিবার (১১ জুন)। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন।  
 
এটি পাস হলে হবে দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।
 
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। 



/ইউএমএইচ



  বিষয়:   বাজেট  বাজেট ২০২৬-২৭  অর্থবছর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: