হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ২টা ২১ মিনিটের সময় তিনি হাসপাতাল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মাহদী অভিযোগ করে জানান,- গতকাল বুধবার সংঘটিত হামলার চেষ্টা ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার গতিরোধ করে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ অভিযোগ করে বলেন, মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। গতকাল হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগন জানান, মাহদী নিজেকে ভাইরাল করার জন্য এসব নাটক করছে। মারামারির সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই