ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উদ্বোধনী ম্যাচে দেখানো হয়েছে তিনটি লাল কার্ড। নাটকীয় এই ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
বৃহস্পতিবার রাতে ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের প্রথম গোলটি করেন হুলিয়ান কুইনোনেস। পরে ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর দারুণ এক ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ ‘এ’-তে নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় স্বাগতিকরা।
তবে ম্যাচের মূল আলোচনায় ছিল লাল কার্ডের ঘটনা। ৪৯ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে। এর আগে তার ভুল থেকেই মেক্সিকোর প্রথম গোলটি আসে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এর আগে সর্বশেষ লাল কার্ড দেখা গিয়েছিল ১৯৯৪ সালে। সেবার জার্মানির বিপক্ষে বলিভিয়ার মার্কো এচেভেরি মাঠ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ৩২ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের ঘটনা ঘটল।
এরপর ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে কনুই মারার দায়ে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ম্যাচের শেষভাগে নয়জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।
তবে ম্যাচের শেষদিকে মেক্সিকোকেও ১০ জনের দলে পরিণত হতে হয়। নির্ধারিত সময়ের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার খুলিসা মুদাউকে পেনাল্টি বক্সের বাইরে বিপজ্জনক ট্যাকল করায় মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ফলে তিনটি লাল কার্ড, ভিএআর সিদ্ধান্ত এবং একাধিক নাটকীয় মুহূর্তে ভরপুর ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। আর সেই ম্যাচে জয়ের মাধ্যমে নিজেদের বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে মেক্সিকো।
আরবিএন