গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী মিছিলে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাদকবিরোধী আলোচনা সভা শেষে মিছিল বের করা হয়। মিছিলে রামদা, রড, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায় মাদক ব্যবসায়ী চাঁন মিয়া, আওলাদ, তাদের পিতা পরান আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় কুপিয়ে জখম করা হয় নাঈম ও সাদ্দামকে।
ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী চাঁন মিয়াকে আটক করলে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে এলাকাবাসী আটক চাঁন মিয়াকে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় নাঈম, সাদ্দামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ড. হুমায়ুন কবির জানান, নাঈম, সাদ্দাম দুজনের গুরুতর তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জেডআই