গ্রুপপর্বেই নকআউটের উত্তাপ

আরমান মুকুল

খেলা

বিশ্বকাপের গ্রুপপর্বেই যেন নকআউটের উত্তাপ। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। বিশ্ব ফুটবলের দুই শক্তিধরের মহারণ

2026-06-13T03:57:55+00:00
2026-06-13T03:57:55+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
গ্রুপপর্বেই নকআউটের উত্তাপ
আরমান মুকুল
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৫৭ এএম   (ভিজিট : ১৮)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের গ্রুপপর্বেই যেন নকআউটের উত্তাপ। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। বিশ্ব ফুটবলের দুই শক্তিধরের মহারণ তাই শুরু থেকেই সমর্থকদের বাড়তি মনোযোগ কেড়ে নিয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় মুখোমুখি হবে দুই মহাদেশের জায়ান্টরা।

কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ অবস্থানে আর তার পরের স্থানেই জায়গা করে নিয়েছে মরক্কো। র‌্যাঙ্কিংয়ের এ পার্থক্যই বলে দেয় দুদলের শক্তির উৎস। কে কার চেয়ে এগিয়ে!

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুন করে শুরু করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডেও তারকার ছড়াছড়ি। নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস, রাফিনিয়া, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস, কাসেমিরো ও অ্যালিসনের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি আক্রমণভাগে যেমন ভয়ংকর, তেমনি অভিজ্ঞতাতেও সমৃদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে রক্ষণভাগের কিছু দুর্বলতা এবং ধারাবাহিকতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে, যা কাটিয়ে উঠার চ্যালেঞ্জ থাকবে আনচেলত্তির সামনে।
আরও পড়ুন

অন্যদিকে মরক্কো এখন আর শুধু আফ্রিকার প্রতিনিধিত্বকারী একটি দল নয়, বরং বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার পর থেকে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। গোলবারের নিচে ইয়াসিন বুনো, অধিনায়ক আশরাফ হাকিমির নেতৃত্বে রক্ষণভাগ, সফিয়ান আমরাবাতের মাঝমাঠ নিয়ন্ত্রণ এবং ব্রাহিম দিয়াজ ও ইউসেফ এন নেসিরির আক্রমণভাগ মরক্কোকে ভারসাম্যপূর্ণ একটি দলে পরিণত করেছে।

দুদলের মুখোমুখি লড়াই খুব একটা সমৃদ্ধ নয়। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল। তবে সবশেষ ২০২৩ সালের প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় মরক্কো। সেই ফলাফল মরক্কোর আত্মবিশ্বাস বাড়াবে, আর ব্রাজিলের কাছে থাকবে প্রতিশোধের প্রেরণা।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুদলই ভালো অবস্থায় আছে। বিশ্বকাপ বাছাইপর্বে কিছুটা কঠিন সময় পার করলেও আনচেলত্তির অধীনে নিজেদের গুছিয়ে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে মরক্কো ধারাবাহিকভাবে ইতিবাচক ফল করে বিশ্বকাপে এসেছে এবং তাদের রক্ষণভাগকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে দুই শিবিরই। ব্রাজিলের সবচেয়ে আলোচনার বিষয় নেইমার। কাফ মাসলের সমস্যার কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও স্কোয়াডে আছেন, তবে শুরুর একাদশে থাকবেন কি না তা শেষ মুহূর্তের সিদ্ধান্ত। তা ছাড়া ফুলব্যাক ওয়েসলি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।

মরক্কোও ভুগছে চোট সমস্যায়। গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ এবং উইঙ্গার আবদে এজ্জালজৌলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তবে নুসাইর মাজরাউইকে পাওয়ার আশা করছে দলটি, যা তাদের জন্য স্বস্তির খবর। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল তারকা রাফিনিয়া প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে সহজ কোনো ম্যাচ নেই। মরক্কো খুবই শক্তিশালী ও সংগঠিত একটি দল। তারা গত কয়েক বছরে নিজেদের প্রমাণ করেছে। তাই তাদের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে।’

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনেও নিজের উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনা উইঙ্গার। রাফিনিয়ার মতে, আনচেলত্তির অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি বিশ্বাস করেন, ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করার জন্য প্রস্তুত। অনেকেই হয়তো এবার আমাদের ফেবারিট ভাবছেন না। তবে এই আন্ডারডগ তকমা আমাদের ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছে। এটি আমাদের শান্ত থেকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে সাহায্য করবে।

মরক্কোর কোচ ওয়াহবি জোর দিয়ে বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচে আমরা আমাদের সেরা রূপটি ফুটিয়ে তুলব। মরক্কোর কোটি ভক্তদের গর্বিত করতে আমরা মাঠে সর্বোচ্চ প্রতিশ্রুতি এবং দৃঢ় সংকল্প নিয়ে খেলব ইনশাআল্লাহ।’ মরক্কোর শক্তির জায়গা তাদের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ। অন্যদিকে ব্রাজিলের প্রধান অস্ত্র আক্রমণভাগের গতি, সৃজনশীলতা ও ব্যক্তিগত নৈপুণ্য। ফলে ম্যাচটি হতে পারে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক আকর্ষণীয় সংঘর্ষ। ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগ নাকি মরক্কোর সুসংগঠিত রক্ষণ, কোনটি শেষ পর্যন্ত জয়ী হবে সেই উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের গ্রুপপর্বে এত বড় ম্যাচ খুব বেশি আসে না। তাই দুদলের এই মুখোমুখি লড়াইকে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম দিককার অন্যতম সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   গ্রুপপর্ব  নকআউট  উত্তাপ  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: