বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১৫ জনকে ফিরিয়ে নিল ভারত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর

2026-06-13T09:10:46+00:00
2026-06-13T09:10:46+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ১৫ জনকে ফিরিয়ে নিল ভারত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:১০ এএম   (ভিজিট : ১৫)
বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (১৩ জুন) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু।

এ সময় বিজিবি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে পুশইনের চেষ্টা প্রতিহত করে। ঘটনাকালে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

পরে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার মুখে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

উল্লেখ্য, এর আগে গত ৪ জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়েও ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সেবারও বিজিবির বাধার মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

/এসএকে



  বিষয়:   বিএসএফ  পুশইন  ভারত  বাংলাদেশ  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: