মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার পারদ ও যুদ্ধংদেহী পরিস্থিতির মধ্যেই ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শনিবার (১৩ জুন) এক সংক্ষিপ্ত বার্তায় সেন্টকম জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন বাহিনী সার্বক্ষণিক নজরদারি ও ‘কড়া প্রহরা’ জারি রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে টহলরত একটি মার্কিন এফ-১৬ ফাইটার জেটের ছবি শেয়ার করে এই বার্তা দেয় সেন্ট্রাল কমান্ড।
সেন্টকমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অতি সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) উৎক্ষেপণ করে। তবে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত তৎপরতার সাথে আকাশেই সেই ড্রোনগুলো ভূপাতিত ও ধ্বংস করতে সক্ষম হয়।
ইরানি ড্রোন হামলার এই জোরদার চেষ্টার পরও আন্তর্জাতিক বাণিজ্য করিডোর তথা হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক এবং সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
/কহু