ফুটবল জ্বরে কিশোরগঞ্জে এলাকার নাম রাখা হলো ‘ব্রাজিল মোড়’

নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বে উৎসবের আমেজ, তখন তার ছোঁয়া লেগেছে বাংলাদেশের গ্রামাঞ্চলেও। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া

2026-06-13T15:50:41+00:00
2026-06-13T15:50:41+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ফুটবল জ্বরে কিশোরগঞ্জে এলাকার নাম রাখা হলো ‘ব্রাজিল মোড়’
নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বে উৎসবের আমেজ, তখন তার ছোঁয়া লেগেছে বাংলাদেশের গ্রামাঞ্চলেও। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া গ্রামের সংযোগস্থল এখন সবার কাছে পরিচিত ‘ব্রাজিল মোড়’ নামে। বিশ্বকাপ উপলক্ষে গ্রামের মানুষকে একসঙ্গে খেলা দেখার সুযোগ করে দিতে বড় পর্দায় সব ম্যাচ সম্প্রচারের আয়োজন করেছে স্থানীয় একদল তরুণ।

বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গ্রামীণ রাস্তার মোড়ে ব্যস্ত সময় পার করছেন কিশোর-তরুণরা। কেউ প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাচ্ছেন, কেউ দেয়ালে সাঁটাচ্ছেন স্টিকার। শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার অধিকাংশ বাসিন্দাই ব্রাজিলের সমর্থক। এ কারণে মোড়ে স্থাপন করা হয়েছে ‘ব্রাজিল মোড়’ লেখা সাইনবোর্ড। একটি পরিত্যক্ত কৃষি খামার ঘিরে লাগানো হয়েছে ব্রাজিলের পতাকা। এমনকি এলাকার উঁচু পানির ট্যাংকিতেও উড়ছে ব্রাজিলের পতাকা।

বিশ্বকাপের সব ম্যাচ বড় পর্দায় দেখানোর লক্ষ্যে স্থানীয় তরুণরা নিজেদের চাঁদা, গ্রামবাসীর সহযোগিতা এবং প্রবাসী বন্ধুদের আর্থিক সহায়তায় একটি প্রজেক্টর কিনেছেন। কৃষি খামারের একটি পরিত্যক্ত টিনশেড ঘর সংস্কার করে সেখানে বড় পর্দা স্থাপন করা হয়েছে। খেলা দেখার জন্য বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। দর্শকদের বসার জন্য রাখা হয়েছে চেয়ারও।

স্থানীয় যুবক মো. রাইয়ুল বলেন, ২০১৪ সালের বিশ্বকাপের সময় এই স্থানের নামকরণ করা হয় ‘ব্রাজিল মোড়’। এরপর থেকে প্রতি বিশ্বকাপেই আমরা এখানে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে আসছি।

ব্রাজিল সমর্থক মো. রাসেল বলেন, একসঙ্গে বসে প্রিয় দলের খেলা উপভোগ করার আনন্দই আলাদা। তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করেছি। গ্রামের মানুষ প্রতিদিন একসঙ্গে খেলা উপভোগ করছেন।

ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, আমি অন্য দলের সমর্থক। তবে ব্রাজিল মোড়ের এই আয়োজনকে সবসময় সমর্থন করি এবং সহযোগিতা করি।

আয়োজকদের ভাষ্য, এলাকার নাম ‘ব্রাজিল মোড়’ হলেও এখানে ব্রাজিল, আর্জেন্টিনাসহ সব দলের সমর্থকরা একসঙ্গে বসে খেলা উপভোগ করবেন। গ্রামবাসীও যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছেন। খেলাকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা হিংসাত্মক আচরণ নেই।

তবে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপে শিরোপা জিতবে তাদের প্রিয় দল।

জানা গেছে, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া এলাকার সংযোগস্থলে ‘ব্রাজিল মোড়’-এর যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপেই গ্রামবাসীর জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে আসছেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা।

আরবিএন 


  বিষয়:   কিশোরগঞ্জ  ‘ব্রাজিল মোড়’ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: