কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটেছে।
রুবেল মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল। রবিবার বেলা সাড়ে ১১টায় মোটরসাইকেল যোগে অন্য এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া থেকে বাড়িতে আসছিলেন তিনি। এ সময় আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাকা রাস্তায় পড়ে যান রুবেল। সঙ্গে সঙ্গে দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
/মহু