নেত্রকোনা সদর উপজেলার আলাদা স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া মারা গেছেন।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদরাসার পাশে ও কাইলাটি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মুন্সি আমতলার সাপমারায় একটি কওমি মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ৬টায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টি শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তারপর তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একইদিন সকালে কাইলাটি গ্রামের চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
/মহু