আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ মিশন। উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলের অধিনায়ক লিওনেল মেসি ভক্তদের ফিরিয়ে নিয়ে গেলেন তার দীর্ঘ বিশ্বকাপ যাত্রার স্মৃতিতে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের পাঁচটি আসরের বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন তিনি।
শনিবার (১৩ জুন) নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে মেসি ২০০৬ থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বিভিন্ন আসরের অফিসিয়াল ছবি প্রকাশ করেন। ছবিগুলোর সঙ্গে তিনি শুধু লিখেছেন, ‘২০০৬–২০২৬’। সংক্ষিপ্ত এই বার্তায় ফুটে উঠেছে দুই দশকজুড়ে বিশ্বকাপ মঞ্চে তার পথচলার গল্প।
জার্মানি ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পান মেসি। এরপর দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২— প্রতিটি আসরেই ছিলেন আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম। কাতার বিশ্বকাপে দেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন তিনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ হবে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও গিয়ের্মো ওচোয়ার পাশে জায়গা করে নেবেন। এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তার জার্সিতে থাকবে বিশেষ ব্যাজ।
তবে মেসির সামনে শুধু অংশগ্রহণের রেকর্ড নয়, আরও কয়েকটি ব্যক্তিগত মাইলফলকও হাতছানি দিচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে তিনি ১৩ গোল নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। শীর্ষে থাকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ কিংবা ভাঙার সুযোগ রয়েছে তার সামনে। একই সঙ্গে ১৩ গোল নিয়ে তার সঙ্গে সমান অবস্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও।
অ্যাসিস্টের তালিকাতেও নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বর্তমানে বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৮, যেখানে শীর্ষে থাকা পেলের অ্যাসিস্ট ১০টি। ফলে এই রেকর্ডও নাগালের মধ্যেই রয়েছে।
এ ছাড়া ২০১৪ ও ২০২২ সালে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা মেসি এবারও যদি আর্জেন্টিনাকে শিরোপা নির্ধারণী ম্যাচে তুলতে পারেন, তাহলে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার বিরল কৃতিত্ব অর্জন করবেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মেসি। ২৬ ম্যাচ নিয়ে তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। নতুন ফরম্যাটের কারণে এবার একটি দল সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারবে, ফলে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগও থাকবে তার সামনে।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ মেসির জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটি হতে পারে নতুন নতুন রেকর্ড গড়ার মঞ্চ। তাই শিরোপাধারী অধিনায়ককে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে।
/ইউএমএইচ