চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। একই সঙ্গে ওই প্রকল্পের কাজ অন্য এক ইউপি সদস্যকে দিয়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রোববার সকালে পাঁকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয়। স্থানীয় মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার এই ড্রেন নির্মাণ প্রকল্পের সভাপতি ও দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মো. বাসেদ আলী।
তবে কাজ শুরুর প্রথম দিনেই স্থানীয়রা ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, ড্রেন নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। সবচেয়ে বড় অনিয়মটি হয় ঢালাইয়ের ক্ষেত্রে, ঢালাইয়ের জন্য খোয়া, সিমেন্ট ও বালুর মিশ্রণটি কোনো সমতল বা পাকা পাটাতন ছাড়াই সরাসরি মাটির ওপর করা হয়, যা সরকারি নির্মাণ বিধিমালার সম্পূর্ণ পরিপন্থি। নিম্নমানের এই কাজের দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. বাসেদ আলী নিজের দোষ আংশিক স্বীকার করে বলেন, মিস্ত্রিরা একটু ভুল করে ফেলেছে। এতে যেটুকু ক্ষতি হবে তা আমার নিজের হবে, আমি দ্রুতই তা ঠিক করে নেব।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, সবচেয়ে বড় অনিয়মটি করা হয়েছে মাটির ওপর সরাসরি সিমেন্ট ও খোয়া ঢেলে মিশ্রণ তৈরি করে। কাজ চলাকালে ওই মেম্বার (বাসেদ আলী) ঘটনাস্থলে ছিলেন না। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই মেম্বারকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন এবং অন্য একজন মেম্বারকে দায়িত্ব দিয়ে কাজটি যথাযথভাবে শেষ করার আদেশ দিয়েছেন।
জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি যেকোনো উন্নয়নমূলক কাজে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে। জনগণের টাকার সঠিক ব্যবহার এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
সময়ের আলো/জোই