শিল্পায়ন সচল রাখতে সাশ্রয়ী জ্বালানি সরবরাহের বিকল্প নেই : জ্বালানি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের ধারাকে সচল রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জ্বালানি

2026-06-15T21:15:08+00:00
2026-06-15T21:15:08+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
শিল্পায়ন সচল রাখতে সাশ্রয়ী জ্বালানি সরবরাহের বিকল্প নেই : জ্বালানি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৬)
ঢাকার বিদ্যুৎ ভবনের ‘মুক্তি হল’-এ আলোচকরা। সংগৃহীত ছবি
দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের ধারাকে সচল রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিজস্ব খনিজ সম্পদের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহারের পাশাপাশি একটি পরিবেশবান্ধব, টেকসই এবং দুর্যোগ-সহনশীল জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে হবে।

দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি টেকসই, আধুনিক ও সহনশীল জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নের লক্ষ্যে রোববার (১৪ জুন) ঢাকার বিদ্যুৎ ভবনের ‘মুক্তি হল’-এ আয়োজিত ‘প্রাইমারি এনার্জি কনফারেন্স ২০২৬’ শীর্ষক এক উচ্চপর্যায়ের দিনব্যাপী সেমিনারে তিনি এসব কথা বলেন।  

হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের জ্বালানি খাতের শীর্ষ নীতিনির্ধারক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষাবিদগণ অংশ নেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম। 

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বয়, অভ্যন্তরীণ গ্যাস ও কয়লা অনুসন্ধান জোরদার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক সেমিনারে উত্থাপিত সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নীতিকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।


দিনব্যাপী এই কনফারেন্সে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ প্যানেল আলোচনায় অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), এনার্জি ইনস্টিটিউট, বিসিএসআইআর এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন। 

কারিগরি সেশনগুলোতে বক্তারা দেশের অভ্যন্তরীণ জ্বালানি উৎসের সর্বোচ্চ ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার কৌশলগত বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

সেমিনারের সমাপনী বক্তব্যে জ্বালানি খাতের টেকসই রূপান্তরের লক্ষ্যে একাডেমিয়া (বিশ্ববিদ্যালয়) এবং ইন্ডাস্ট্রির মধ্যে যৌথ গবেষণা ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে একটি দক্ষ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব 'স্মার্ট জ্বালানি ব্যবস্থা' গড়ে তোলার যৌক্তিক সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শিল্পায়ন  সাশ্রয়ী জ্বালানি  সরবরাহ  জ্বালানি সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: