বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আর্জেন্টিনার জন্য আসন্ন লড়াইটি বিশেষ এক ঐতিহাসিক উপলক্ষও বটে। কারণ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তিও গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।
বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা রক্ষার মিশন, অন্যদিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়ার নিজেদের সামর্থ্য প্রমাণের লড়াই।
আর্জেন্টিনার শিবিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু স্বাভাবিকভাবেই মেসি। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেও তার ক্ষুধা কমেনি একটুও। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে সীমিত সময় খেলেই নিজের ফিটনেস ও কার্যকারিতার প্রমাণ দিয়েছেন তিনি। কোচ লিওনেল স্কালোনিও দলের পরিকল্পনার কেন্দ্রে রেখেছেন অভিজ্ঞ এই তারকাকে।
আরও পড়ুন
তবে আর্জেন্টিনার কিছু দুশ্চিন্তাও রয়েছে। রক্ষণভাগে চোটের কারণে পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। যদিও গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে আক্রমণে লাউতারো মার্তিনেজের সাম্প্রতিক গোল করার ধারাও আশাবাদী করে তুলেছে সমর্থকদের।
র্যাঙ্কিংয়ের হিসাবে দুই দলের ব্যবধান অনেক। কিন্তু আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ‘ডেজার্ট ফক্স’ খ্যাত দলটি গত কয়েক বছরে নিজেদের আক্রমণভাগকে আরও গতিময় ও কার্যকর করে তুলেছে।
দলের অভিজ্ঞ নেতা রিয়াদ মাহরেজ এখনো বড় ম্যাচের অন্যতম ভরসা। বয়স বাড়লেও তার সৃজনশীলতা ও নিখুঁত পাসিং প্রতিপক্ষের রক্ষণভাগে সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা এবং দ্রুতগতির ফরোয়ার্ড আমিন গুইরিও আলজেরিয়ার আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন।
ম্যাচটির আরেকটি আলোচিত বিষয় রেফারিং। দায়িত্বে থাকছেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। অতীতে তার কিছু সিদ্ধান্ত নিয়ে আলজেরিয়ার ফুটবল মহলে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে এই ম্যাচেও তার প্রতিটি সিদ্ধান্ত বাড়তি নজরে থাকবে।
কাগজে-কলমে আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট। বিশ্বকাপজয়ী দলটির অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং তারকাবহুল লাইনআপ তাদের এগিয়ে রাখছে। তবে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাকেই পুঁজি করে চমক দেখাতে চায় আলজেরিয়া।
এএডি/