রাজস্থানে ‘তেলাপোকা’ পার্টির প্রধানকে সমাবেশে চড়-থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরে এক জনসভায় নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারকে টেক্কা দিতে তরুণদের

2026-06-16T20:45:04+00:00
2026-06-16T20:45:04+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
রাজস্থানে ‘তেলাপোকা’ পার্টির প্রধানকে সমাবেশে চড়-থাপ্পড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৮)
সংগৃহীত ছবি
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরে এক জনসভায় নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারকে টেক্কা দিতে তরুণদের গড়ে তোলা অত্যন্ত জনপ্রিয় এক ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রকাশ্য সমাবেশে চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন। দেশের বেকারত্ব ও একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত এই ছাত্রনেতার ওপর গত সোমবার ভিড়ের মধ্য থেকে দুই ব্যক্তি আকস্মিক এই হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ভারতের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, গত মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মামলার শুনানির সময় বেকার তরুণ ও সরকারের সমালোচকদের ‘তেলাপোকা’ (ককরোচ)-র সাথে তুলনা করেছিলেন। প্রধান বিচারপতির এই অপমানজনক মন্তব্যকে শক্তিতে রূপান্তর করে ক্ষুব্ধ ছাত্রসমাজকে সাথে নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল গঠন করেন বোস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দিপকে। প্রতিষ্ঠার মাত্র এক সপ্তাহের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দলটির অনুসারীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ছাড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার জয়পুরের একটি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন অভিজিৎ। কর্মী-সমর্থকেরা যখন তাঁকে কাঁধে তুলে উল্লাস করছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে দুই ব্যক্তি অতর্কিতে তার ওপর চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে একের পর এক চড় মারতে থাকে। এই ঘটনায় অভিজিৎ সাময়িকভাবে থমকে গেলেও, বিক্ষুব্ধ সমর্থকদের শান্ত থাকার এবং আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে এক ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে জানান, শারীরিক আক্রমণ মূলত কাপুরুষতা ও ভয়ের লক্ষণ। মূল দাবি ও আন্দোলন থেকে বিচ্যুত করার জন্য এই ধরণের ভীতিকর ও হুমকিমূলক অপকৌশল চালানো হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে চালিয়ে যাব। দেশের এক কোটিরও বেশি শিক্ষার্থীর সাথে হওয়া অবিচারের বিরুদ্ধে আমাদের যে মূল লড়াই, তা থেকে আমরা সরব না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দাবি করেছেন, হামলাকারীরা ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী তথা ক্ষমতাসীন বিজেপি’র মাতৃসংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ (আরএসএস)-এর কর্মী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখনই কেউ এই সরকার বা তাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তখনই তারা এই ধরণের হামলা চালায়। এতে নতুন কিছুই নেই।

দলের মুখপাত্র আশুতোষ রানা নিশ্চিত করেছেন, হামলাকারীদের মুখ চেনা গেছে এবং তারা একটি জাতীয় দলের সাথে যুক্ত। এই সমস্ত দুষ্কৃতকারীদের মুখোশ খুব শীঘ্রই উন্মোচন করা হবে। এদিকে জয়পুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

তবে আটককৃতদের মধ্যে রাকেশ গুর্জর নামের এক সন্দেহভাজন দাবি করেছে, অভিজিৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিলেন বলেই সে এই হামলা চালিয়েছে। নিজেকে জয়পুরের একজন ‘দেশপ্রেমিক’ দাবি করে সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত মাসে ভারতের জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লি ও বেঙ্গালুরুসহ ভারতের বড় বড় শহরগুলোতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে এই ‘ককরোচ জনতা পার্টি’।

অভিজিৎ দিপকে জানান, তেলাপোকা হলো চরম সহনশীলতার প্রতীক। ভারতের সাধারণ নাগরিক, বিশেষ করে প্রশ্নপত্র কেলেঙ্কারি ও বেকারত্বে জর্জরিত যুবসমাজকে শাসকেরা তেলাপোকার মতোই তুচ্ছ ভেবে অবহেলা করে। কিন্তু এই অবহেলিত সমাজই যে এখন ঘুরে দাঁড়াতে পারে, জয়পুরের চড়-থাপ্পড়ের ঘটনা ও দেশজুড়ে চলা তরুণদের আন্দোলন সেটাই প্রমাণ করছে।

/কহু


  বিষয়:   রাজস্থান  তেলাপোকা  পার্টি  সমাবেশ  চড়-থাপ্পড় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: