প্রশ্ন ফাঁস থামাতে না পেরে টেলিগ্রামই বন্ধ করল ভারত সরকার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ভারতের বহুল আলোচিত ‘নিট-ইউজি ২০২৬’ পুনঃপরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে দেশটিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে

2026-06-16T22:22:14+00:00
2026-06-16T22:22:14+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
প্রশ্ন ফাঁস থামাতে না পেরে টেলিগ্রামই বন্ধ করল ভারত সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:২২ পিএম   (ভিজিট : ১৭)
জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’। সংগৃহীত ছবি
ভারতের বহুল আলোচিত ‘নিট-ইউজি ২০২৬’ পুনঃপরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে দেশটিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’। 

তবে ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরভ। তার মতে, এই নিষেধাজ্ঞা মূল সমস্যার সমাধান না করে উল্টো কোটি কোটি সাধারণ ব্যবহারকারীকে ভোগান্তিতে ফেলবে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ জুন) থেকে আগামী ২২ জুন ২০২৬ পর্যন্ত টেলিগ্রামের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। ২১ জুনের পরীক্ষা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)-এর সুপারিশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই গুগলের ‘প্লে স্টোর’ থেকে অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে এবং অ্যাপলও দ্রুত একই পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

সরকারের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছেন পাভেল দুরভ। তিনি লিখেছেন, কিছু ব্যবহারকারী পরীক্ষার প্রশ্নপত্র শেয়ার করেছে— এই অজুহাতে ভারতের আইটি মন্ত্রণালয় এক সপ্তাহের জন্য টেলিগ্রাম নিষিদ্ধ করেছে। এর মাধ্যমে ভারতের ১৫ কোটিরও বেশি সাধারণ টেলিগ্রাম ব্যবহারকারীকে শাস্তি দেওয়া হচ্ছে, সেই ভেতরের চক্রটিকে নয় যারা মূলত প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। আর এই নিষেধাজ্ঞা আসলে কিছুই থামাতে পারেনি। প্রশ্ন ফাঁসের দাবিগুলো কেবল অন্য অ্যাপে স্থানান্তরিত হয়েছে।

তবে এনটিএ-এর মহাপরিচালক অভিষেক সিং বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এবার সুনির্দিষ্ট কোনো প্রশ্ন ফাঁসের ঘটনার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পরীক্ষা নিয়ে ছড়ানো বিভিন্ন ভুয়া বার্তা পরীক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ ও উদ্বেগ তৈরি করছিল। সুসংগঠিত জালিয়াতি চক্র রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারার অধীনে জারি করা এই আদেশে টেলিগ্রামকে আরও একটি নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে ইতোমধ্যেই পোস্ট করা মেসেজ এডিট বা পরিবর্তন করার ফিচারটি বন্ধ রাখতে হবে। এনটিএ জানায়, জালিয়াতি চক্রগুলো টেলিগ্রামের এই বিশেষ ফিচারের অপব্যবহার করছিল। তারা পরীক্ষা হয়ে যাওয়ার পর পুরোনো কোনো মেসেজের পিডিএফ বা ফাইল এডিট করে সেখানে আসল প্রশ্নপত্র বসিয়ে দিত। যেহেতু টেলিগ্রামে মেসেজ এডিট করলে আগের সময় বা টাইম-স্ট্যাম্প অপরিবর্তিত থাকে, তাই তারা স্ক্রিনশট দিয়ে ভুয়া ‘প্রমাণ’ দাবি করত যে পরীক্ষা শুরুর আগেই তাদের কাছে প্রশ্ন ছিল। এই কারসাজি বন্ধ করতেই এডিটিং ফিচার ব্লক করা হয়েছে।

সম্প্রতি টেলিগ্রামে ‘পেপার লিকড নিট’, ‘রি-নিট ২০২৬’, ‘প্রাইভেট মাফিয়া’-এর মতো নামে অসংখ্য চ্যানেল খুলে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ রুপি পর্যন্ত দাবি করা হচ্ছিল। এর আগে সাইবার ক্রাইম বিভাগ বিহার, গুজরাট ও রাজস্থান পুলিশের সহায়তায় বহু গ্রুপ ও বট ডিলিট করলেও শেষমেষ পুরো প্ল্যাটফর্মই ব্লক করার সিদ্ধান্ত নেয় সরকার।

গত ৩ মে অনুষ্ঠিত মূল নিট পরীক্ষাটি অনিয়মের অভিযোগে বাতিল হওয়ার পর আগামী ২১ জুন এই পুনর্বার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পুরো প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার এই সরকারি সিদ্ধান্ত নিয়ে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

ডিজিটাল অধিকার সংস্থা ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ) একে একটি ‘অসামঞ্জস্যপূর্ণ’ ও ‘জোড়াতালির সমাধান’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে, আইআইটি কানপুরের ‘সিথ্রিআইহাব’-এর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও এথিক্যাল হ্যাকার নিসর্গ অধিকারী এক্সে লিখেছেন, প্রশ্ন ফাঁস থামাতে না পেরে টেলিগ্রামই ব্লক করে দেওয়া হলো! অথচ টেলিগ্রামকে পুরোপুরি ব্লক করা সম্ভবই না। এটি এমনভাবে তৈরি যে মানুষ সহজেই প্রক্সি বা অন্য উপায়ে এটি ব্যবহার করতে পারবে।

তবে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, টেলিগ্রামে পোস্ট এডিট করার পরও যে কোনো চিহ্ন থাকে না, এটি অত্যন্ত বিপজ্জনক ফিচার। অন্য কোনো বড় সামাজিক মাধ্যমে এটি নেই। এর মাধ্যমে ভুয়া প্রশ্ন ফাঁসের দাবিকে সত্য বলে চালিয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা সহজ।

এর বিপরীতে সার্থক সিদ্ধান্ত নামের ১৮ বছর বয়সি এক আন্দোলনকারী শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, যোগাযোগের কোনো মাধ্যমে ভুয়া তথ্য থাকলেই কি পুরো প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে হবে? তাহলে তো হোয়াটসঅ্যাপ বা ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া উচিত।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রশ্ন ফাঁস  টেলিগ্রাম  বন্ধ  ভারত সরকার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: