সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আর পরীক্ষার খরচ বহন করতে হবে না বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকার কারণে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে পরীক্ষার ফি নেওয়ার একটি মৌখিক সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে সমালোচনা তৈরি হলে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি না নেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট নীতিগত অবস্থান রয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক দ্রুতই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে মিড-ডে মিল (দুপুরের খাবার) কর্মসূচি চালু রয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষা খাতে সাধারণ পরিবারগুলোর খরচ যতটা সম্ভব কমিয়ে আনা। তাই অভিভাবকদের ওপর নতুন করে কোনো আর্থিক চাপ দেওয়া হবে না।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক হওয়ায় পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে সেই আপত্তির মুখে শিক্ষার্থীদের স্বার্থে ফি না নেওয়ার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
সময়ের আলো/জেডি